
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ আগস্ট: বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই যে সবচেয়ে বড় মানবিকতা, তা আরও একবার প্রমাণ করলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের তরুণ আইনজীবী জুলফিকার আনসারী। রক্তের সংকটে থাকা মালদার এক ক্যান্সার আক্রান্ত রোগিণীর জন্য বিশেষ এফেরেসিস রক্তদান করে তিনি গড়ে তুললেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সক্রিয় কর্মী এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের কার্যকরী কমিটির সদস্য জুলফিকার বুধবার, ১২ আগস্ট ২০২৬, দুর্গাপুরের মিশন হাসপাতাল ব্লাড সেন্টারে গিয়ে SDP (Single Donor Platelet) দান করেন।
মালদার বাসিন্দা ওই রোগিণী বর্তমানে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। চিকিৎসার প্রয়োজনে জরুরি ভিত্তিতে প্রয়োজন ছিল SDP। স্ত্রীকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় রক্তের সন্ধানে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছিলেন তাঁর স্বামী। কোনওভাবে রক্তদান আন্দোলনের কর্মীদের মাধ্যমে খবর পৌঁছয় বিধাননগরের DDA মার্কেটে অবস্থিত জীবনদান ভবনে।
খবর পেয়েই উদ্যোগী হন রক্তদান আন্দোলনের কর্মীরা। আর সেই আহ্বানে সাড়া দিয়ে এক মুহূর্ত দেরি না করে স্বেচ্ছায় এগিয়ে আসেন জুলফিকার আনসারী। এরপর মিশন হাসপাতাল ব্লাড সেন্টারে বিশেষ এফেরেসিস পদ্ধতিতে SDP দান করেন তিনি।
রক্তদানের সময় জুলফিকারের পাশে ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব মধুসূদন ঘটক ও রাজেশ পালিত। তাঁদের সম্মিলিত উদ্যোগেই সংকটের সময়ে ওই পরিবারের কাছে পৌঁছে যায় প্রয়োজনীয় সহায়তা।
আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের
দুর্গাপুরে বিশেষ ভাবে সক্ষম স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ পুলকার চালকদের বিরুদ্ধে
জুলফিকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ। তাঁকে অভিনন্দন জানিয়ে কবি ঘোষ বলেন, “রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়—কখনও কখনও এটি হয়ে ওঠে একটি জীবন বাঁচানোর প্রত্যক্ষ অঙ্গীকার।”
একজন অচেনা মানুষের কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে জীবনরক্ষাকারী রক্তের ব্যবস্থা করে দেওয়া—জুলফিকার আনসারীর এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে একটি ইতিবাচক বার্তা বহন করে। রক্তের কোনও বিকল্প নেই, আর প্রয়োজনের মুহূর্তে একজন স্বেচ্ছা রক্তদাতার এগিয়ে আসা একটি পরিবারের কাছে হয়ে উঠতে পারে নতুন আশার আলো। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


