WhatsApp Group Join Now
Instagram Group Join Now
ধৃত নিতাই মণ্ডলকে দুর্গাপুর আদালতে তোলা হচ্ছে।

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ আগস্ট: দীর্ঘদিন ধরেই ছিলেন এলাকা ছাড়া। পুলিশের খাতায় তিনি ছিলেন পলাতক। অবশেষে বুধবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ব্লকের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাই। ভোট-পরবর্তী হিংসা, মারধর এবং হুমকির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সোনপুরের বাসিন্দা নরোত্তম পাণ্ডবেশ্বরের রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় তাঁর রাজনৈতিক পরিচিতি তৈরি হয়। ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তাঁর রাজনৈতিক প্রভাব আরও বাড়ে। পরে দলের যুব সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পান তিনি।

তবে রাজনৈতিক পরিচিতির পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে নরোত্তমকে ঘিরে একাধিক অভিযোগও সামনে আসে। ইসিএলের ঠিকাদার ও ঠিকা শ্রমিকদের নিয়ে সিন্ডিকেট পরিচালনা থেকে শুরু করে কয়লার ডিও সংক্রান্ত সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন তিনি। একাধিক গাড়ি ও ফ্ল্যাটের মালিকানা নিয়েও এলাকায় আলোচনা ছিল।

আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর নরোত্তমকে ঘিরে ফের চর্চা শুরু হয়। তাঁর বিরুদ্ধে ভোট-পরবর্তী মারধর, হুমকি এবং হিংসার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর খোঁজ শুরু করলেও আত্মগোপনে থেকে পুলিশের নজর এড়িয়ে চলছিলেন তিনি। শেষ পর্যন্ত বুধবার অভিযুক্ত নরোত্তম মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)