
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ আগস্ট: সপরিবারে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের নজরুল সরণীর একটি নামী রেস্তরাঁয় খেতে ঢুকেছিলেন কলকাতার বেলঘড়িয়ার রজত ঘোষ। কিন্তু খাবার পরিবেশন হতেই বদলে গেল পরিস্থিতি। অভিযোগ, অর্ডার করা চিকেন তন্দুরির মাংস ছিল পচা। এমনকি খাবার থেকে দুর্গন্ধও বেরোচ্ছিল। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
রজত ঘোষ জানান, রেস্তরাঁয় খেতে গিয়ে চিকেন তন্দুরি অর্ডার করেছিলেন। বাইরে থেকে খাবারটি দেখে প্রথমে কোনও অস্বাভাবিকতা বোঝা যায়নি। কিন্তু পরিবারের একজন খাবারে কামড় দিতেই বিষয়টি সামনে আসে।
রজতের অভিযোগ, মাংস পচা ছিল এবং তা থেকে তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল। বিষয়টি রেস্তরাঁ কর্তৃপক্ষকে জানানো হলেও তাঁরা প্রথমে গুরুত্ব দিতে চাননি বলে অভিযোগ। এতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। রজতের সঙ্গে কথা বলার পাশাপাশি রেস্তরাঁর কর্মীদের সঙ্গেও কথা বলেন পুলিশকর্মীরা। কীভাবে এমন খাবার পরিবেশন করা হল, তা নিয়ে প্রাথমিকভাবে খোঁজ নেওয়া হয়।
যদিও রেস্তরাঁ কর্তৃপক্ষের দাবি, খাবারের গুণগত মান বজায় রাখার বিষয়ে তাঁরা সবসময় সতর্ক থাকেন। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ম্যানেজার জিশান হুসেন।
আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

