
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ আগস্ট: রাস্তায় ইট, বালি, সিমেন্ট, পাথরকুচি রেখে বড় বড় ফ্ল্যাট নির্মাণ করার রেওয়াজ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দীর্ঘদিন ধরে চলে আসছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা প্রমোটারদের দাদাগিরির কাছে স্থানীয়দের আপত্তি ধোপে টেকে না। উল্টে হুমকি শুনতে হয় বলে অভিযোগ।
রাজ্যে পালাবদলের পরে পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাফ জানিয়েছিলেন, রাস্তা যাতায়াতের জন্য। কেউ ফ্ল্যাট বা বাড়ি নির্মাণ করতে গেলে নির্মাণ সামগ্রী তাঁকে রাখতে হবে তাঁর নিজের জায়গায়। সরকারি রাস্তায় নয়। কিন্তু দুর্গাপুরের শঙ্করপুরের টেটিখোলা গিয়ে দেখা গিয়েছে, মন্ত্রীর হুঁশিয়ারিতে কিছু যায় আসে না প্রমোটারদের!
রীতিমতো রাস্তা বন্ধ করে দিয়ে যন্ত্র চালিয়ে জোরকদমে চলছে ছাদ ঢালাই। বাসিন্দারা যাতায়াত করতে পারছেন না। আপত্তি জানালে পুলিশের ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রমোটাররা এখনও আগের মতোই দাপিয়ে বেড়াচ্ছে। সাধারণ মানুষকে সিঁটিয়ে থাকতে হচ্ছে।
দুর্গাপুরের দুই বিধায়ক অবশ্য দাবি করছেন, আর এসব চলবে না। সাধারণ মানুষকে সমস্যায় ফেলে ফ্ল্যাট নির্মাণ, মেনে নেওয়া হবে না। বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “মন্ত্রী বলে দিয়েছেন যা বলার। সবার তা মানা উচিত।” বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “পুলিশকে বলব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।” যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, থানায় তাঁরা গিয়েছিলেন সমস্যার কথা জানাতে। পুলিশ আসবে বলে আশ্বাস দিয়েছে। এই টুকুই।
প্রোমোটারদের বিধাননগরে অফিস রয়েছে। সেখানকার কর্মীদের বলা আছে, সংবাদমাধ্যমের কেউ গেলে যেন কথা না বলা হয়। কর্মীরা তা অক্ষরে অক্ষরে পালন করছেন। স্থানীয়রা তাই বলছেন, সরকার বদলাল। কিন্তু রেওয়াজ বদলাল না।
আরও পড়ুন: দাদাগিরির শাস্তি! দুর্গাপুরে দুই সিভিক ভলান্টিয়ার ভাই গ্রেফতার
সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

