WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ সেপ্টেম্বর: বাজারে ভেজাল খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ কিংবা পণ্যের ওজনে কারচুপি—ভোক্তাদের স্বার্থে এবার শহরজুড়ে নজরদারি বাড়াচ্ছে প্রশাসন। এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে শুরু হল ‘ভোক্তা সচেতনতা সপ্তাহ’। ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।

মঙ্গলবার সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে কর্মসূচির সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলা ম্যাজিস্ট্রেট পোনাম্বালম এস। এদিন সেখান থেকেই ভোক্তা সুরক্ষা বিভাগের বিশেষ সচেতনতামূলক ট্যাবলোর উদ্বোধন করা হয়। পরে সিটি সেন্টার এলাকার একাধিক খাবারের দোকান ঘুরে দেখেন জেলা ম্যাজিস্ট্রেট। দোকানদারদের খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাত দিনের এই অভিযানে একাধিক দফতরকে নিয়ে তৈরি করা হয়েছে যৌথ দল। খাদ্য সুরক্ষা দফতর, ভোক্তা বিষয়ক বিভাগ, লিগ্যাল মেট্রোলজি এবং দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা এই দলের অংশ থাকবেন।

শহরের বিভিন্ন প্রান্তে হোটেল, রেস্তোরাঁ, সবজি ও মাছের বাজার, মুদি দোকান-সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলবে পরিদর্শন। কোথাও খাবারে ভেজাল, নিম্নমানের সামগ্রী বা অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

খাবারের মানের পাশাপাশি নজরে থাকবে ওজনেও কারচুপি। দোকানে ব্যবহৃত ডিজিটাল এবং অ্যানালগ—দুই ধরনের দাঁড়িপাল্লাই পরীক্ষা করা হবে। অর্থাৎ পণ্য কেনার সময় ক্রেতা যাতে নির্ধারিত ওজন থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেও নজরদারি চালানো হবে।

দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী জানান, শুধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই এই কর্মসূচির লক্ষ্য নয়। বাজার থেকে কোনও পণ্য কেনার সময় কী কী বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, তা নিয়েও মানুষকে সচেতন করা হবে। দুর্গাপুর নগর নিগম এবং ব্লক প্রশাসনের স্তরে একাধিক দল তৈরি করে সাত দিন ধরে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হবে।

খাদ্যে ক্ষতিকর রঙের ব্যবহার নিয়েও বিশেষ নজরদারি চালানো হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বিশেষ করে মিষ্টি ও বিরিয়ানি বিক্রির দোকানগুলিতে ব্যবহৃত রঙের গুণমান পরীক্ষা করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার সাংবাদিক বৈঠক করে এখনও পর্যন্ত অভিযানে কী কী পদক্ষেপ করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট তুলে ধরা হবে।

দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরাই বলেন, ভোক্তা হিসেবে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়াটাও জরুরি। বাজার থেকে খাবার বা অন্য কোনও সামগ্রী কেনার সময় তার গুণমান, ওজন এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রশাসনের এই উদ্যোগে একদিকে যেমন অনিয়মের বিরুদ্ধে নজরদারি বাড়বে, তেমনই ক্রেতাদের আরও সচেতন করার মাধ্যমে বাজারে স্বচ্ছতা ফেরানোর চেষ্টা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: দুর্গাপুরে নেহরুর মূর্তি তুলে ফেলে দেওয়া হল জঙ্গলে!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)