WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ সেপ্টেম্বর: অচেনা ফোন ধরেননি, OTP শেয়ার করেননি, কোনও লিঙ্কেও ক্লিক করেননি। তারপরও ব্যাংক অ্যাকাউন্ট থেকে একসঙ্গে ৬ লক্ষ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিধাননগরের ব্যবসায়ী প্রবুদ্ধ গুহ-র দাবি, সোমবার তাঁর মোবাইলে পরপর কয়েকটি ফোন আসে। নম্বরগুলি সন্দেহজনক মনে হওয়ায় কোনওটিরই উত্তর দেননি তিনি। বিষয়টি নিয়ে সতর্ক হয়ে দ্রুত ব্যাংক কর্তৃপক্ষকে জানান।

কিন্তু অভিযোগ, ব্যাংকে জানানোর কয়েক ঘণ্টা পরেই মোবাইলে আসে টাকা কেটে নেওয়ার বার্তা। সেখানে দেখা যায়, তাঁর অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ টাকা ডেবিট হয়েছে। পরিবারের দাবি, চিকিৎসার খরচ এবং ছেলের ভর্তি বাবদ ব্যবহারের জন্য ওই টাকা সঞ্চয় করে রাখা হয়েছিল। হঠাৎ সেই অর্থ চলে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

ঘটনার পর প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। কীভাবে প্রতারকরা অ্যাকাউন্টে হাত দিল, কোন মাধ্যমে লেনদেনটি সম্পন্ন হল এবং এর পিছনে কারা রয়েছে—তা খতিয়ে দেখার দাবি উঠেছে। OTP বা সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলার পরও কীভাবে এই বিপুল অর্থ হাতছাড়া হল, সেটিই এখন তদন্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঘটনাটি সাইবার প্রতারণার ক্ষেত্রে প্রচলিত সতর্কতার বাইরেও নতুন ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: দুর্গাপুরে নেহরুর মূর্তি তুলে ফেলে দেওয়া হল জঙ্গলে!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)