দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ সেপ্টেম্বর: বাড়িতে কেউ ছিলেন না। কয়েকদিনের জন্য তালাবন্ধ ছিল বাড়ি। সেই সুযোগেই দরজা ভেঙে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে বাড়ি ফিরে চুরির ঘটনা জানতে পারেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী মন্টু প্রসাদ।
ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোনের কাশীরাম দাস রোডে। পারিবারিক কাজে বাড়ির সবাই কয়েকদিনের জন্য বাইরে ছিলেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে ফিরে মন্টু প্রসাদ দেখেন, বাড়ির মূল দরজার তালা ভাঙা।
ঘরে ঢুকতেই চোখে পড়ে লণ্ডভণ্ড অবস্থা। বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। খোলা পড়ে রয়েছে আলমারি। এরপরই চুরির বিষয়টি স্পষ্ট হয়। মন্টু প্রসাদের দাবি, বাড়ি থেকে প্রায় ৪ লক্ষ টাকা নগদ এবং কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার গয়না নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার পরই পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকল এবং চুরির ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তালাবন্ধ বাড়িতে এভাবে চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাতে টহলদারি বাড়ানোর আশ্বাস দিয়েছে পুলিশ।
আরও পড়ুন: বৃষ্টি হলেই ঘরে জল, সাপ-ব্যাঙের আতঙ্ক দুর্গাপুরের বীরভানপুরে


