দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ সেপ্টেম্বর: ভারী বৃষ্টি নেই, তবু টানা প্রায় ১৫ দিন ধরে জলমগ্ন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার আড়া মোড় বাজার। নোংরা জল পেরিয়েই দোকানে ঢুকতে হচ্ছে ক্রেতা ও ব্যবসায়ীদের। একাধিক বাড়িতেও ঢুকেছে জল। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ক্ষুব্ধ স্থানীয়রা।
শনিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে জল সরাতে নামানো হয় জেসিবি ও ভ্যাকুম ক্লিনার। একইসঙ্গে শুরু হয় নিকাশি নালা পুনরুদ্ধারের কাজ।
ব্যবসায়ীদের অভিযোগ, হিন্দুস্থান ফার্টিলাইজারের পরিত্যক্ত আবাসন এলাকা থেকে জল নেমে এসে বাজারে জমছে। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও স্থায়ী সমাধান হয়নি। জল জমে দোকানের ভিতরে ঢুকে পড়ায় ব্যবসায়ীদের সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
বিধায়কের অভিযোগ, সরকারি জমি ও নিকাশি নালা দখল করে নির্মাণ হওয়ায় জল বের হওয়ার পথ বাধাগ্রস্ত হয়েছে। তাঁর কথায়, “তৃণমূল আমলে সরকারি জমি দখল করে কেউ অফিস, কেউ আবার দোকান বানিয়েছে। সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা ব্যবস্থা গ্রহণ করছি।”
বিধায়ক জানিয়েছেন, বেআইনি দখলদারি সরানো হবে। নিকাশি নালার উপর সিমেন্টের স্ল্যাব দেওয়া যাবে না। পরিবর্তে গ্রিল দিয়ে নালা ঢেকে রাখা হবে, যাতে ভবিষ্যতে সহজেই পরিষ্কার করা যায়। এখন স্থানীয়দের দাবি, দ্রুত জল সরানোর পাশাপাশি আড়া মোড়ের দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
আরও পড়ুন: বৃষ্টি হলেই ঘরে জল, সাপ-ব্যাঙের আতঙ্ক দুর্গাপুরের বীরভানপুরে


