দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ সেপ্টেম্বর: সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার আনন্দে পথে নামলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একদল মহিলা। অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিটি সেন্টারে আয়োজন করা হল বিশেষ পদযাত্রার।
মানবিক মঞ্চের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন বহু মহিলা। সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহ থেকে পদযাত্রার সূচনা হয়। এরপর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল পৌঁছয় সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায়।
অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা তাঁদের সংসারের বিভিন্ন প্রয়োজন মেটাতে কিছুটা স্বস্তি দিচ্ছে বলে দাবি করেন অংশগ্রহণকারীরা। তাঁদের বক্তব্য, মহিলাদের আর্থিকভাবে এগিয়ে নিতে সরকারি বিভিন্ন উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পদযাত্রায় অংশ নেওয়া ভারতী চট্টোপাধ্যায়ের কথায়, “সরকার আমাদের দিকে তাকিয়েছে। শুধু অন্নপূর্ণা যোজনাই নয়, মহিলারা বিভিন্ন কাজের মাধ্যমেও স্বাবলম্বী হচ্ছেন। আগামী দিনেও সরকারের জনমুখী বিভিন্ন উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবেন।” পদযাত্রাকে ঘিরে সিটি সেন্টার এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। ব্যানার-প্ল্যাকার্ড হাতে মহিলাদের উপস্থিতি এবং তাঁদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন: বৃষ্টি হলেই ঘরে জল, সাপ-ব্যাঙের আতঙ্ক দুর্গাপুরের বীরভানপুরে


