দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান ২০২৬-এর কর্মসূচির অঙ্গ হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল (এইচএস)-এ। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
শিক্ষা দফতরের নির্দেশে গত ২৩ সেপ্টেম্বর বিদ্যালয়ে বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগে সফল পড়ুয়াদের পাশাপাশি প্রথম পাঁচ স্থানাধিকারীদেরও এ দিন পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপকদের মধ্যে ছিলেন অঞ্জলি চৌধুরী, কাইসার ফাতিমা, যশমি কুমারী, রিয়া বিশ্বকর্মা, আরিয়ান পাসওয়ান, অদিতি রাউথ, অর্চনা কুমারী, সাধনা কুমারী এবং আর্যমান গুপ্ত-সহ অন্যরা।
শিক্ষিকা মণি বোরালের নেতৃত্বে ‘বন্দে মাতরম্’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। তাঁর শিক্ষা বিস্তার, নারীশিক্ষা, বিধবা বিবাহ এবং সমাজসংস্কারে অবদান নিয়ে বক্তব্য রাখেন শিক্ষিকা মিঠু চোংরা।
প্রধান শিক্ষক ড. কালিমুল হক বলেন, সেবা সংকল্প অভিযানের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে সেবা, মানবিকতা ও দায়িত্ববোধের চেতনা গড়ে তোলাই অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে বিনয় বাজোরিয়া, ওমপ্রকাশ বাজোরিয়া, তেজ নারায়ণ পাণ্ডে, রূপম লাহা, যোগেশ মাহেশ্বরী, সৌম্য কেশ-সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!


