WhatsApp Group Join Now
Instagram Group Join Now
Oplus_16908288

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩০ অক্টোবর: প্রায় ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতির অভিযোগে বড়সড় তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কোহিনূর পাওয়ার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে তদন্তের সূত্র ধরে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সাতটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

শুক্রবার ভোরে দুর্গাপুরের বিধাননগরে শিল্পপতি সোনু আগরওয়ালের বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা। দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি। পাশাপাশি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে, এমন ব্যক্তিদের একাধিক ঠিকানাতেও তল্লাশি চালানো হয়। অভিযানের সময় নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের সহযোগিতাও নেওয়া হয়।

ইডি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়েছিল কোহিনূর পাওয়ার প্রাইভেট লিমিটেড। অভিযোগ, বিদ্যুৎ প্রকল্পের কাজে সেই ঋণের অর্থ ব্যবহার না করে অন্য গ্রুপ সংস্থার অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয়। এমনকী, ঋণের টাকার একটি অংশ ব্যক্তিগত স্বার্থেও ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।

প্রায় ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত এই অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই ইডির এই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে। তবে অভিযানে এখনও পর্যন্ত কী কী নথি, আর্থিক লেনদেনের তথ্য বা অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে, তা নিয়ে তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন-  দুর্গাপুরে মহিলার ব্যাগ ছিনতাই! বাইকে ধাওয়া করে ধরল পুলিশ

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)