WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ অক্টোবর: বৃহস্পতিবার দুপুরে ডিসি (পূর্ব) রসপ্রীত সিংয়ের নেতৃত্বে দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকেরা বিভিন্ন কালীপুজো মণ্ডপ ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। মণ্ডপ তৈরির প্রস্তুতি, দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথ এবং ভিড় সামলানোর ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি, পুজো উদ্যোক্তাদের নিরাপত্তা সংক্রান্ত একাধিক নির্দেশ দেওয়া হয়।

পুলিশের নির্দেশ অনুযায়ী, মণ্ডপ ও মেলা চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপদে যাতায়াতের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

কালীপুজোর আনন্দে যাতে কোনও দুর্ঘটনা ছায়া না ফেলে, সে জন্য আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ করছে দুর্গাপুর পুলিশ। পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে মেলা চত্বরে নিরাপত্তা নিশ্চিত করা—সব ক্ষেত্রেই বাড়তি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে, নিরাপত্তা সংক্রান্ত শংসাপত্র ছাড়া কোনও দোলনা বসানো যাবে না বলে স্পষ্ট জানিয়েছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন-  দুর্গাপুরে মহিলার ব্যাগ ছিনতাই! বাইকে ধাওয়া করে ধরল পুলিশ

দুর্গাপুরে বিভিন্ন কালীপুজোর মণ্ডপের পাশে মেলা বসে। প্রতিমা দর্শনের পাশাপাশি নাগরদোলা, ফেরিস হুইল-সহ নানা বিনোদনের আকর্ষণে ভিড় জমান বহু মানুষ। এই পরিস্থিতিতে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও কারণে দোলনায় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না পুলিশ। তাই বড় দোলনা বসানোর ক্ষেত্রে নিরাপত্তার নিয়ম মানা বাধ্যতামূলক করা হয়েছে।

দুর্গাপুজোর সময় কলকাতার চোরবাগান এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। কালীপুজোর মেলায় যাতে একই ধরনের কোনও বিপত্তি না ঘটে, সে জন্য বিনোদনমূলক সরঞ্জাম বসানোর আগে প্রয়োজনীয় নিরাপত্তা শংসাপত্র রয়েছে কি না, তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুর্গাপুরের দিশারী সঙ্ঘের সাধারণ সম্পাদক নিতাই সরকার জানান, পুজোর প্রস্তুতিতে পুলিশ প্রশাসনের তরফে সহযোগিতা পাওয়া যায়। পুলিশের নির্দেশ মেনেই মণ্ডপ তৈরি এবং দর্শনার্থীদের সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তাঁর কথায়, এ বারও পুলিশ বেশ কিছু নির্দেশ দিয়েছে, যার মধ্যে বড় দোলনা বসানোর উপর বিধিনিষেধের বিষয়টিও রয়েছে।

সব মিলিয়ে, উৎসবের মরশুমে আনন্দের পাশাপাশি নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চাইছে পুলিশ প্রশাসন। পুজো কমিটিগুলি নির্দেশ মেনে চললে মণ্ডপ ও মেলা চত্বরে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)