WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ অক্টোবর: সন্তানের বয়স মাত্র দেড় মাস। হৃদযন্ত্রে ফুটো ধরা পড়েছে। অস্ত্রোপচার-সহ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় পাঁচ লক্ষ টাকা। পরিচারিকার কাজ করে কোনও রকমে সংসার চালানো পরিবারের কাছে এই বিপুল অর্থ জোগাড় করা ছিল কার্যত অসম্ভব। সন্তানের চিকিৎসা কী ভাবে হবে, সেই দুশ্চিন্তায় যখন দিশেহারা পরিবার, তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সমাজকর্মী পারিজাত গাঙ্গুলী।

শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিয়েছেন তিনি। পাশে দাঁড়িয়েছে দুর্গাপুর মিশন হাসপাতালও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শিশুটির প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হবে বলে জানা গিয়েছে।

পরিবারের আর্থিক অসহায়তার কারণে যাতে শিশুটির চিকিৎসা থমকে না যায়, সেই উদ্যোগই নিয়েছেন পারিজাত। তাঁর এই পদক্ষেপে নতুন করে আশার আলো দেখছে পরিবারটি। কঠিন সময়ে সন্তানের চিকিৎসার ব্যবস্থা হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারের সদস্যদের মধ্যে।

সমাজসেবার কাজে দুর্গাপুরে অন্যতম পরিচিত মুখ পারিজাত।  অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অভুক্তদের মুখে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে গণবিবাহের আয়োজন—তাঁর এমন বিভিন্ন উদ্যোগ অতীতে নজরে এসেছে। এ বার একরত্তি শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তিনি।

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)