
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর পুরসভার প্রশাসক হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নমবলম এস। এদিন পুরসভায় পৌঁছলে তাঁকে স্বাগত জানান দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। উপস্থিত ছিলেন পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম-সহ অন্যান্য আধিকারিকরা।
দায়িত্ব গ্রহণের পর জেলাশাসক জানান, শহরের উন্নয়ন এবং নাগরিক পরিষেবাকে আরও কার্যকর করে তোলাই তাঁর মূল লক্ষ্য। পুরসভার বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন দপ্তরের কাজ খতিয়ে দেখতে আগামী শনিবার সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন বলেও জানান তিনি।
পন্নমবলম এস বলেন, শহরের পানীয় জলের সমস্যা, খারাপ রাস্তাঘাট মেরামত এবং নাগরিকদের প্রয়োজনীয় শংসাপত্র দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে। সাধারণ মানুষের সুবিধার্থে সপ্তাহে দু’দিন তিনি নিজে পুরসভায় উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন।
দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দীর্ঘদিন ধরে পুরসভার কাজে অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছিল। জেলাশাসক প্রশাসকের দায়িত্ব নেওয়ায় এবার পুরসভার কাজকর্মে গতি আসবে বলে তাঁর আশা। তিনি আরও বলেন, নাগরিকদের প্রয়োজনীয় শংসাপত্রের জন্য আর বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না। বিধায়কের সুপারিশপত্র নিয়ে পুরসভায় গেলে দ্রুত প্রয়োজনীয় স্বাক্ষরের ব্যবস্থা করা হবে।

