WhatsApp Group Join Now
Instagram Group Join Now
আক্রান্ত বাসকর্মী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সিটি সেন্টার বাসস্ট্যান্ডে ফের চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর। মঙ্গলবার বহরমপুর-চিত্তরঞ্জন রুটের একটি যাত্রীবাহী বাসের কর্মীকে চাঁদা না দেওয়ায় মারধর ও হেনস্থার অভিযোগ উঠল কয়েকজন তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বাসকর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাসস্ট্যান্ডে জোর করে চাঁদা তোলা চলছিল।

বাসকর্মী রাহুল ধিবরের অভিযোগ, সিটি সেন্টার বাসস্ট্যান্ডে বাস ঢুকতেই কয়েকজন যুবক এসে চাঁদা দাবি করে। আগেও তারা নিয়মিত টাকা তুলত বলে অভিযোগ। কিন্তু এদিন টাকা দিতে অস্বীকার করতেই তাঁকে মারধর করা হয় এবং জামা ছিঁড়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে পুরসভা মোড়ে বাস দাঁড় করিয়ে বিক্ষোভ শুরু করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য বাসকর্মীরাও সেখানে জড়ো হন।

ঘটনার জেরে বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বাসকর্মীদের একাংশের দাবি, বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চাঁদাবাজি চলছে। স্থানীয় স্তরে অভিযোগ উঠলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। এদিনের ঘটনায় ফের সেই অভিযোগ সামনে এল।

যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, দলের কোনও কর্মী বা সমর্থক এই ঘটনার সঙ্গে জড়িত নন। বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূলের নাম জড়ানোর চেষ্টা করছে বলেও দাবি তাদের। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।