WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: একটি হোয়াটসঅ্যাপ পোস্ট ফরোয়ার্ড করা এবং বাড়ির উঠোন থেকে পাকিস্তানের পতাকা উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের রায়ডাঙা এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকার বাসিন্দা তথা বিদ্যুৎ দফতরের প্রাক্তন কর্মী আসরাফুদ্দিন শেখের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি আপত্তিকর পোস্ট ফরোয়ার্ড করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একই সঙ্গে তাঁর বাড়ির উঠোন থেকে পাকিস্তানের পতাকা উদ্ধার হয়েছে বলেও দাবি করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এই অভিযোগকে কেন্দ্র করে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। উত্তেজিত জনতা তাঁকে বাড়ি থেকে বাইরে নিয়ে এসে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাতে থাকে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আসরাফুদ্দিন শেখ। তাঁর দাবি, একটি হোয়াটসঅ্যাপ বার্তা তাঁর কাছে এসেছিল এবং তিনি সেটি ফরোয়ার্ড করেছিলেন মাত্র। পাকিস্তানের পতাকা উদ্ধারের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, একটি মোড়ানো কাগজ দেখতে পেয়ে সেটি খুলে দেখেন, তাতে চাঁদ-তারা আঁকা ছিল। কীভাবে সেটি তাঁর বাড়িতে এল, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ আসরাফুদ্দিন শেখকে নিরাপত্তার স্বার্থে জনতার ভিড় থেকে সরিয়ে থানায় নিয়ে যায়। এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকেও নজর রাখছে পুলিশ। 

চন্ডীদাস বাজারে প্রায় ৫০ দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে দিল ডিএসপি