
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্য বাজেটে তাঁদের জন্য ইতিবাচক ঘোষণা না থাকায় ক্ষোভ উগরে দিলেন জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পুরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তাঁরা নিজেদের দাবি ও অভাব-অভিযোগের কথা তুলে ধরেন।
বিক্ষোভকারীদের বক্তব্য, করোনা অতিমারীর কঠিন সময়ে তাঁরা সামনের সারিতে থেকে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সংক্রমণ মোকাবিলা থেকে শুরু করে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, টিকাকরণ কর্মসূচি এবং বিভিন্ন জরুরি পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁরা। অতিমারী পর্ব শেষ হলেও আজও সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে নিরলসভাবে কাজ করে চলেছেন।
তাঁদের অভিযোগ, এবারের রাজ্য বাজেটে বিভিন্ন শ্রেণির কর্মীদের জন্য নানা ঘোষণা করা হলেও জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত স্বাস্থ্যকর্মীদের কথা বিবেচনা করা হয়নি। ফলে নিজেদের বঞ্চিত বলেই মনে করছেন তাঁরা। ‘সম কাজে সম বেতন’-এর দাবিও জোরালোভাবে তুলে ধরেন।
তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হচ্ছে। তাই তাঁদের কাজের মর্যাদা অনুযায়ী আর্থিক ও প্রশাসনিক স্বীকৃতি দেওয়া হোক। বিক্ষোভকারীরা আশা প্রকাশ করেন, সরকার তাঁদের দাবি ও সমস্যার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
চন্ডীদাস বাজারে প্রায় ৫০ দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে দিল ডিএসপি

