৬ লক্ষ টাকা ব্যয়ে পাকা নিকাশি নর্দমার কাজ শুরু
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে চলেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড় দক্ষিণ ক্যানাল পাড় এলাকার বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতেই রাস্তা নোংরা জলে ভেসে যেত, জলমগ্ন হয়ে পড়ত গোটা এলাকা। চরম সমস্যায় পড়তেন পানাগড় দক্ষিণ ক্যানাল পাড় এলাকার বাসিন্দারা। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (শিক্ষা) বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই সমস্যা সমাধানের আবেদন জানায় লায়ন্স ক্লাব এবং এলাকাবাসী। তাঁদের আর্জিতে সাড়া দিয়ে উদ্যোগী হন তিনি।
শনিবার আনুষ্ঠানিকভাবে ঢাকা দেওয়া পাকা নিকাশি নর্দমার নির্মাণ কাজের সূচনা করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের কর্মকর্তা প্রদীপ চট্টোপাধ্যায়, সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়-সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, লায়ন্স ক্লাবের পক্ষ থেকে তাঁর কাছে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। পাশাপাশি এলাকাবাসীরও দীর্ঘদিনের দাবি ছিল নিকাশি সমস্যা সমাধানের।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তিনি জানান, সেই দাবিকে গুরুত্ব দিয়েই প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে পাকা নর্দমা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এই নর্দমা নির্মাণ সম্পূর্ণ হলে বর্ষাকালে জল জমার সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী এলাকাবাসী। দীর্ঘ প্রতীক্ষার পর কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পানাগড় দক্ষিণ ক্যানাল পাড়ের মানুষ। লায়ন্স ক্লাবের কর্মকর্তা প্রদীপ চট্টোপাধ্যায় বলেন, “দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


