WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কীভাবে পুনর্বিবেচনার আবেদন করতে হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আদালতের নির্দেশ অনুসারে, বিবেচনাধীন তালিকা থেকে যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁরা নির্দিষ্ট প্রক্রিয়ায় ট্রাইবুনালে আপিল করতে পারবেন। অর্থাৎ, যাঁরা বিবেচনাধীন তালিকায় ছিলেন তাঁরাই কেবল এখানে আবেদন করতে পারবেন। বাইরে থেকে কেউ নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করতে পারবেন না। কমিশন জানিয়েছে, অনলাইন ও অফলাইন— দুই পথেই আবেদন করা যাবে। অনলাইনে voter.eci.gov.in পোর্টালে গিয়ে নির্দিষ্ট বিভাগে আবেদন জমা দেওয়া সম্ভব। ওয়েবসাইটে গিয়ে ‘সাবমিট অ্যাপিল্‌স ফর ইন্ডিভিজ়ুয়াল্‌স’ নামের ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে আবেদন জানাতে পারবেন ভোটারেরা। তবে শুধুমাত্র বিবেচনাধীন তালিকায় থাকা ভোটাররাই এই সুবিধা পাবেন। অন্য কেউ নতুন করে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন না এই প্রক্রিয়ায়। অন্য দিকে, অফলাইনে আবেদন জমা দিতে হলে জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে লিখিত আর্জি জানাতে হবে। সাদা কাগজে নিজের বক্তব্যের সঙ্গে এপিক নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। ভোটার তালিকায় কারও নামের অন্তর্ভুক্তিকে চ্যালেঞ্জ জানাতে হলে তাঁর এপিক নম্বরও লিখতে হবে আবেদনপত্রে। সংশ্লিষ্ট আধিকারিক সেই আবেদন অনলাইনে আপলোড করবেন এবং মূল কপিও সংরক্ষণ করবেন। এই সমস্ত আবেদন নিষ্পত্তির দায়িত্ব থাকবে জেলাশাসকদের উপর, নির্দিষ্ট আইনি বিধান মেনে। উল্লেখ্য, চূড়ান্ত তালিকা প্রকাশের পর ধাপে ধাপে সংশোধিত তালিকা প্রকাশ করা হচ্ছে। তাতে বাদ পড়া ভোটারদের জন্য এই আপিলের সুযোগ রাখা হয়েছে।