দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মদিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরেও নানা কর্মসূচির আয়োজন করে বিজেপি। দুর্গাপুর বিজেপি ও বিজেপি যুব মোর্চার যৌথ উদ্যোগে এদিন একটি ঐতিহাসিক র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলী-সহ বিভিন্ন মণ্ডলের সভাপতি ও সম্পাদকরা। প্রায় ৯০০ জন বিজেপি কর্মী ও সমর্থক এই র্যালিতে অংশগ্রহণ করেন।
কুরুলিয়াডাঙ্গা থেকে শুরু হয়ে র্যালিটি মেনগেট, ৫৪ ফুট, বেনাচিতি, সিটি সেন্টার, মায়াবাজার, দুর্গাপুর বাজার ও শ্যামপুর অতিক্রম করে ব্যারেজে গিয়ে শেষ হয়। র্যালি জুড়ে অটল বিহারী বাজপেয়ীর আদর্শ ও দেশ গঠনের পথে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়।
র্যালি শেষে বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই বলেন, “অটলজির নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে, সেই আদর্শকে সামনে রেখেই আজ এগিয়ে যেতে হবে। তিনি শুধু একজন রাজনীতিক নন, সারা দেশের মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন।”
একই সঙ্গে তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, “বাংলায় বর্তমানে অত্যাচার, সন্ত্রাস ও বেকারত্ব বেড়েছে। এই পরিস্থিতি থেকে রাজ্যকে মুক্ত করতে পরিবর্তন জরুরি।” ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি সকল বিজেপি কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার ডাক দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)