WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা দুটি কমিউনিটি শৌচাগারকে ঘিরে সাধারণ মানুষের ভোগান্তির অবসান ঘটল রবিবার। দুর্গাপুরের গোপালমাঠ এলাকায় তালাবন্ধ অবস্থায় থাকা দুটি শৌচাগারের তালা ভেঙে সেগুলি পরিষ্কার করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেন বিজেপি কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের মুখে স্বস্তির হাসি দেখা গেছে।

স্থানীয়দের দাবি, গোপালমাঠ হাইস্কুল সংলগ্ন মোড় এবং গোপালমাঠ বাজার এলাকায় থাকা দুটি কমিউনিটি শৌচাগার দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। ফলে প্রতিদিন বাজারে আসা ক্রেতা, পথচলতি মানুষ, প্রবীণ নাগরিক ও ব্যবসায়ীদের চরম সমস্যার মুখে পড়তে হতো। বিশেষ করে দূরদূরান্ত থেকে বাজারে আসা মানুষজন প্রয়োজনের সময় শৌচাগার ব্যবহার করতে না পেরে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তেন।

বাসিন্দাদের অভিযোগ, শৌচাগার বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে আশপাশের খোলা জায়গা ব্যবহার করতেন। এতে পরিবেশ নোংরা হওয়ার পাশাপাশি দুর্গন্ধে সমস্যায় পড়তেন এলাকার মানুষ। বহুবার বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে শৌচাগার দখল করে রাখার অভিযোগও তুলেছেন তাঁরা।

রবিবার সকালে বিজেপির স্থানীয় কর্মীরা সেখানে পৌঁছে তালা ভেঙে শৌচাগার দুটির দরজা খুলে দেন। শুধু তাই নয়, ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করেও ব্যবহারের উপযোগী করে তোলেন। বিজেপি যুব মোর্চার জেলা সহ-সভাপতি সুমন গোপ জানান, “এগুলি জনসাধারণের জন্য তৈরি করা হয়েছিল। তাই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই শৌচাগার খুলে দেওয়া হয়েছে। এখন সবাই ব্যবহার করতে পারবেন।”