WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক বিজেপি নেত্রী ৫০ হাজার টাকা নিয়েছিলেন। দুই মাস পরেও চাকরি না পেয়ে টাকা ফেরত চাইতে গিয়ে জুটল বেধড়ক মার। এমনই অভিযোগ তুলেছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতির অন্নপূর্ণা নগরের এক বিজেপি কর্মী।

গুরুতর জখম অবস্থায় ওমপ্রকাশ প্রসাদ নামে ওই বিজেপি কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর ভাই প্রেমপ্রকাশ প্রসাদও। তিনিও বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানায় (ডিএসপি) চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ওই বিজেপি নেত্রী ৬ মে ওমপ্রকাশের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন।  কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না হওয়ায় তিনি নিজের টাকা ফেরত চান।

ওমপ্রকাশের দাবি, শুক্রবার টাকা ফেরতের কথা বলতেই তাঁকে মারধর করা হয়। তাঁর অভিযোগ, বিজেপি নেত্রীর উপস্থিতিতেই তাঁর অনুগামীরা এই হামলা চালায়। তাঁর বা হাত জখম হয়। হামলা থেকে দাদাকে বাঁচাতে গেলে প্রেমপ্রকাশও আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁকে ঠেলে ফেলে দেওয়ায় তাঁর বাঁ হাত ভেঙে যায়। 

ঘটনার পর শনিবার দুর্গাপুর থানায় বিজেপি নেত্রী মৌসুমী দত্ত এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওমপ্রকাশের স্ত্রী পূজা দুবে প্রসাদ। ওমপ্রকাশ জানিয়েছেন, বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের কাছেও জানানো হবে। যদিও এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিজেপি নেত্রী। 

মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর ‘পোস্ট’! দুর্গাপুরে গ্রেফতার যুবক

দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি

দুর্গাপুরে অটোচালকদের সতর্ক করল ট্রাফিক পুলিশ, নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা

অন্যদিকে, বিজেপি নেতা সুমন্ত মণ্ডল দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে দলের কোনও সাংগঠনিক সম্পর্ক নেই। তাঁর বক্তব্য, এটি ব্যক্তিগত স্তরের ঘটনা। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রকৃত বিজেপি কর্মীরা কেউ এসব করবেন না। ভোটের ফল প্রকাশের পরে দলে এসেছেন, তাঁরাই এসবে যুক্ত। তিনি বলেন, “পুলিশ পুলিশের কাজ করুক। তদন্ত করে আসল সত্য সামনে এনে আইনানুগ ব্যবস্থা নিক।” পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।