যোগ্য ভোটার হয়েও নাম বাদ!
সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ২০০২ সাল থেকে ভোটার তালিকায় নাম রয়েছে। ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন। কিন্তু নতুন ২০২৫ সালের ভোটার তালিকায় নাম থাকলেও তার পাশেই স্পষ্ট করে লেখা— ডিলিট! ফলে চরম আতঙ্কে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৮০ নম্বর বুথের ভোটার রঞ্জিত দে এবং তাঁর স্ত্রী মুন্নি দে।
রঞ্জিত দে জানান, তাঁর বাড়ি ১৪ নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ে হলেও কর্মসূত্রে ডিএসপি টাউনশিপে থাকেন। তাঁর কথায়, “ভোটার কার্ড, আধার কার্ড— সবই আছে। ভোট তো দিয়েছি। কিন্তু হঠাৎ তালিকায় নামের পাশে ডিলিট লেখা দেখে আমরা শঙ্কায় পড়েছি। আমাদের নাবালক ছেলের ভবিষ্যৎ নিয়েও চিন্তায় আছি।” মুন্নি বলেন, “খুব আতঙ্কে দিন কাটছে। আমরা বিষয়টি পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন পাশে থাকার।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “রাজ্যের নানা জায়গায় যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত দেখা যাচ্ছে। যাতে একটিও যোগ্য নাম বাদ না যায়, সে কারণেই আমরা লড়াই করছি। দে দম্পতির নাম কেন ডিলিট দেখানো হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে।” অন্যদিকে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “কেন দে পরিবারের নাম ডিলিট করা হলো, তা নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা জানব। যোগ্য ভোটারের নাম যাতে না বাদ যায়, সেই কারণেই তো এসআইআর করা হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


