
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রেনোভেশনের কারণ দেখিয়ে সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি রেসিডেন্সি হোটেলের জনপ্রিয় ‘ঠেক’ রেস্তোঁরা। ভেঙে ফেলা হয়েছে রেস্তোঁরাটি। রেস্তোঁরার সামনে টাঙানো বোর্ডে দাবি করা হয়েছে, সংস্কারের কাজ শেষ হলেই অল্প কয়েক দিনের মধ্যেই আগের জায়গাতেই ফের চালু হবে পরিষেবা।
এই পরিস্থিতিতে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রেস্তোঁরা সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছিল। সেই কারণেই মালিকপক্ষ এখন নিজে থেকেই ওই অংশ সরিয়ে নিচ্ছেন বলে দাবি তাঁর। বিধায়কের কথায়, “মালিক নিজে থেকে সরিয়ে নিচ্ছেন, এটা ভাল কথা। তবে তাঁর বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ রয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত হবে।”
রেস্তোঁরা কর্তৃপক্ষের দাবি, এটি শুধুমাত্র সংস্কারের কাজ এবং কাজ শেষ হওয়ার পর রেস্তোঁরা আগের জায়গাতেই ফের চালু করা হবে। তবে স্থানীয় মহলে জোর জল্পনা শুরু হয়েছে—এ কি শুধুই রেনোভেশন, নাকি বেআইনি নির্মাণ সরানোর প্রক্রিয়া? প্রশাসনের তরফে কোনও তদন্ত শুরু হয় কি না, এখন সেদিকেই নজর সকলের।

