WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মামরা বাজার সংলগ্ন এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের পার্টি অফিসকে ঘিরে সোমবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, ওই অফিসের ভেতর থেকে এমন কিছু সামগ্রী উদ্ধার হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।

ঘটনাস্থলে জড়ো হওয়া বিজেপি কর্মীরা দাবি করেন, পার্টি অফিসের ভেতরে সাদা থান কাপড়, দা ও কুড়ুলের মতো জিনিসপত্র রাখা ছিল। পাশাপাশি সেখানে সরকারি প্রকল্পের ডাস্টবিন, সবুজ সাথী প্রকল্পের সাইকেল-সহ আরও কিছু সামগ্রী পাওয়া গিয়েছে বলেও তাঁদের অভিযোগ। বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিজেপি নেতা স্বাধীন রায়ের অভিযোগ, ভোটের সময় বিরোধী কর্মী-সমর্থকদের ভয় দেখানোর উদ্দেশ্যেই এই ধরনের সামগ্রী মজুত রাখা হয়েছিল। তাঁর আরও দাবি, সরকারি প্রকল্পের কিছু সামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছে না দিয়ে অন্যভাবে ব্যবহার করা হত। তিনি বলেন, “পুরসভার আবর্জনা ফেলার বালতি ৩০ টাকায়, ত্রাণের ত্রিপল ৩০০ টাকায় বিক্রি করা হতো। ৪ মে-র পরে আমাদের বাড়িতে বাড়িতে স্ত্রীদের জন্য সাদা থান পাঠানোর হুমকি দেওয়া হয়েছিল মাইকিং করে। এখন দেখছি, পার্টি অফিসের ভিতরে শয়ে শয়ে থান কাপড় রাখা রয়েছে। বুঝতে পারছি আমাদের জন্য আনা হয়েছিল। জিতে গেলে কী করত বোঝাই যাচ্ছে!” 

অন্যদিকে, প্রাক্তন কাউন্সিলারের একসময়ের সহকর্মী কাঞ্চন সাহা আরও বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, সরকারি জমি বিক্রি বা বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করলেই হুমকির মুখে পড়তে হত। এমনকি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধরের ঘটনাও ঘটেছে বলে তাঁর দাবি। তিনি বলেন, “২০১৭ সালে ভোট লুঠ করে কাউন্সিলর হওয়ার পরে এখানে আসে লাভলি। তারপর থেকে চরম দুর্নীতিতে যুক্ত হয়। ত্রাণের গম বস্তা বস্তা পিছনের দরজা দিয়ে বের করে বিক্রি করে দেওয়া হত। আমি প্রতিবাদ করায় তিন বার ঘরের দরজা বন্ধ করে মারধর করা হয়েছে আমাকে।” 

রোগী আটকে রাখার অভিযোগে দুর্গাপুরের হাসপাতালে তাণ্ডব 

একটি রাজনৈতিক দলের অফিসে দলীয় নথি, পোস্টার বা প্রচারের সামগ্রী থাকা স্বাভাবিক। কিন্তু সেখানে কেন সাদা থান কাপড়, দা বা কুড়ুলের মতো জিনিস রাখা ছিল, তা নিয়েই এখন এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। লাভলি বা তৃণমূলের তরফে কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।