WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ সেপ্টেম্বর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এবিএল কলোনিতে নির্মাণ কাজে সরকারি ত্রিপল ব্যবহারের অভিযোগ ঘিরে উত্তেজনা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সংস্কারের কাজে প্রায় ৪০ থেকে ৫০টি সরকারি ত্রিপল ব্যবহার করা হচ্ছে। কয়েকটি ত্রিপলে ‘বিশ্ব বাংলা’ লোগো রয়েছে। ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, ত্রিপলগুলির কয়েকটিতে ‘বিশ্ব বাংলা’ লোগো রয়েছে। এই ত্রিপলগুলির উৎস কী এবং কীভাবে সেগুলি সংস্কারের কাজে ব্যবহারের জন্য এল, তা খতিয়ে দেখার দাবি তুলেছে বিজেপি নেতৃত্ব। দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি কনভেনার তরুণ দাসের অভিযোগ, বিপুল সংখ্যক ত্রিপল ব্যবহার করে সংস্কারের কাজ চলছে। বেশ কিছু ত্রিপলে প্রাক্তন সরকারের ‘বিশ্ব বাংলা’ লোগো দেখা গিয়েছে। ফলে ত্রিপলগুলি কীভাবে ঠিকাদারের হাতে পৌঁছেছে, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।

তরুণ দাস আরও দাবি করেন, ঠিকাদারের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি গরিব মানুষের কাছ থেকে ত্রিপল কিনেছেন। আবার সংস্থার এক কর্মীর কাছ থেকে অন্য ধরনের বক্তব্য পাওয়া গিয়েছে। এই কারণেই পুরো বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনা দরকার বলে দাবি তাঁর। অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার প্রভাকর পাণ্ডে। তাঁর দাবি, কোনও সরকারি ত্রিপল তিনি নেননি। তাঁর বক্তব্য, গরিব মানুষজন তাঁর কাছে ত্রিপল বিক্রি করেছেন এবং তিনি সেগুলি কিনেছেন।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ত্রিপলগুলি আদৌ সরকারি সম্পত্তি কি না, সেগুলির উৎস কোথায় এবং কীভাবে সেগুলি ভবন সংস্কারের কাজে এল—এই প্রশ্নগুলির উত্তর এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: আকাশ থেকেই নেভাবে আগুন! BCREC-এর পড়ুয়াদের উদ্ভাবন নিয়ে চলছে জোর চর্চা