WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ সেপ্টেম্বর: বিদ্যুৎ বিভ্রাট এবং অচল জেনারেটরের কারণে পরিষেবা ব্যাহত পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের প্রধান ডাকঘরে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিভিন্ন কাজ কার্যত বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। কাজ না হওয়ায় অনেককেই ফিরে যেতে হয়েছে বলে অভিযোগ।

এসবিএসটিসি গ্যারাজ মোড়ের এই ডাকঘরে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন হয়। পরে বিদ্যুৎ ফিরলেও ‘সিঙ্গেল ফেজ’ হয়ে যাওয়ায় কম ভোল্টেজের সমস্যা দেখা দেয়। পোস্ট মাস্টার অরিন্দম মিত্র জানান, পরে এলাকার ট্রান্সফর্মারেও সমস্যা হয়েছে বলে জানা যায়।

ডাকঘরের জেনারেটরটিও দীর্ঘদিন ধরে বিকল। ফলে বিদ্যুৎ না থাকলে বিকল্প ব্যবস্থা থাকছে না। টাকা তোলা, আধার সংশোধন, সঞ্চয় প্রকল্প-সহ বিভিন্ন পরিষেবার জন্য এসে কাজ না হওয়ায় গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে। একই কারণে সমস্যায় পড়েছেন ডাকঘরের এজেন্টরাও।

গ্রাহকদের অভিযোগ, টাকা তুলতে এসে না পেয়ে ফিরে যেতে হচ্ছে। আগে থেকে পরিষেবা বন্ধ থাকার খবর জানানো হলে তাঁরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতেন। তাঁদের দাবি, প্রায় দু’বছর ধরে জেনারেটরটি বিকল হয়ে রয়েছে। তবে পোস্ট মাস্টার জানান, জেনারেটর মেরামতের জন্য উচ্চতর কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে এবং আশ্বাসও মিলেছে। তবে এখনও কাজ হয়নি। 

আরও পড়ুন: আকাশ থেকেই নেভাবে আগুন! BCREC-এর পড়ুয়াদের উদ্ভাবন নিয়ে চলছে জোর চর্চা