WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ সেপ্টেম্বর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সাইবার প্রতারণার অভিযোগে পুলিশের অভিযানে আটক দুই। তাদের মধ্যে একজন ১৯ বছরের যুবক, অন্যজন মাত্র ১৫ বছরের নাবালক। নাবালককে ব্যবহার করেই প্রতারণার কারবার চালানো হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ-জোন ফাঁড়ির পুলিশের হাতে আটক হয়েছে তারা। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে তাঁদের সঙ্গে সাইবার প্রতারণার যোগের প্রাথমিক তথ্য উঠে এসেছে। অভিযানের পর তাঁদের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। ধৃত ১৯ বছরের যুবক ভ্যাম্বে কলোনির বাসিন্দা। অপরজন ১৫ বছরের নাবালক, তার বাড়ি কাদা রোড এলাকায়। 

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, OTP দিয়ে প্রতারণা করা হতো। ঘটনার সূত্র ধরে এবার পুলিশের তদন্তের নজর ঝাড়খণ্ডের জামতাড়া-যোগের দিকেও। দুর্গাপুরে বসে কোনও বড় সাইবার প্রতারণা চক্র সক্রিয় ছিল কি না, কিংবা এর পিছনে আরও কেউ রয়েছে কি না—সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অন্যদিকে, নাবালককে পেশ করা হয়েছে আসানসোলে জুভেনাইল জাস্টিস বোর্ডে।

আরও পড়ুন: দুর্গাপুরে নেহরুর মূর্তি তুলে ফেলে দেওয়া হল জঙ্গলে!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)