দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ অক্টোবর: দুর্গাপুর থেকে বিশ্বমঞ্চে পা রাখতে চলেছে নবম শ্রেণির ছাত্রী দেবস্মিতা পাত্র। আগামী ৩-৬ ডিসেম্বর পাঞ্জাবের অমৃতসরে বসছে ওয়ার্ল্ড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ। ৩০টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। জাতীয় স্তরে একাধিক সাফল্য এবং সোনার পদক জয়ের সুবাদেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছে সে। সাব-জুনিয়র অনূর্ধ্ব-১৯ বিভাগে ডেডলিফট এবং বেঞ্চ প্রেস—এই দুই ইভেন্টে অংশ নেবে দেবস্মিতা।
তবে দেবস্মিতার পাওয়ারলিফটিংয়ের যাত্রা শুরু হয়েছিল অন্য কারণে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কোমরের ব্যথার সমস্যা কমাতে শরীরচর্চার জন্য একটি জিমে ভর্তি হয়েছিল সে। সেখানেই প্রশিক্ষকের পরামর্শ ও উৎসাহে পাওয়ারলিফটিংয়ের সঙ্গে পরিচয়। এরপর ধীরে ধীরে এই খেলাটির প্রতি আগ্রহ বাড়তে থাকে।
নিয়মিত অনুশীলনের পাশাপাশি জেলা, রাজ্য এবং জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেতে শুরু করে দেবস্মিতা। জাতীয় ফেডারেশন কাপ ২০২৬-সহ আরও একটি জাতীয় প্রতিযোগিতায় সোনা জয় তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। সেই সাফল্যের পথ ধরেই এবার আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে নামার সুযোগকে স্মরণীয় করে তুলতে কঠোর অনুশীলনেই এখন মন দিতে চাইছে দুর্গাপুরের এই তরুণী। রবিবার দেবস্মিতার সঙ্গে দেখা করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। দু’জনেই তার পাশে থাকার এবং সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দেন।
দুর্গাপুরের এক স্কুলছাত্রীর হাত ধরে এবার আন্তর্জাতিক পাওয়ারলিফটিং মঞ্চে পৌঁছতে চলেছে শহরের নাম। দেবস্মিতার সামনে এখন একটাই লক্ষ্য—দেশের জার্সিতে সেরাটা দেওয়া এবং বিশ্বমঞ্চে সাফল্যের নজির গড়া। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


