WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ অক্টোবর: রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা, হেনস্থা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাবের অভিযোগকে কেন্দ্র করে এবার প্রতিবাদে পথে নামলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। সোমবার আদালত চত্বর থেকে সেন্টার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তাঁরা।

আইনজীবীদের অভিযোগ, বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আইনজীবীদের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসছে। কোথাও হামলা, কোথাও হেনস্থা—একাধিক ঘটনায় আইনজীবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলে দাবি তাঁদের।

এই পরিস্থিতির প্রতিবাদেই সোমবার দুর্গাপুরে পথে নামেন আইনজীবীরা। মিছিল থেকে আইনজীবীদের উপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি, আদালত ও আইনজীবীদের কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবিও ওঠে।

আইনজীবীদের বক্তব্য, বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই যদি কর্মক্ষেত্রে নিরাপদ না থাকেন, তাহলে তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। তাই আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছেন তাঁরা। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)