WhatsApp Group Join Now
Instagram Group Join Now
উপরে বিজেপির মাল্যদান, নীচে দুধ দিয়ে মূর্তির 'শুদ্ধিকরণ'

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে হর্ষবর্ধন রোডে প্রয়াত প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর মূর্তি সোমবার ফের আগের জায়গায় বসিয়ে দিল পুলিশ। মূর্তি বসানোর পর ঘটনাস্থলে গিয়ে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে বিজেপি। আর, বিজেপি চলে যেতেই সেখানে পৌঁছে জল ও দুধ দিয়ে মূর্তি শুদ্ধ করে ফের মাল্যদান করে কংগ্রেস! যা নিয়ে শুরু হয়েছে বিজেপি, কংগ্রেস তরজা।

রবিবার মূর্তিটি পড়ে থাকতে দেখা যায় পাশের জঙ্গলে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি রাখি উৎসব করবে বলে মূর্তি উপড়ে ফেলে দিয়েছে। যদিও বিজেপি দাবি করে, কংগ্রেসেরই একটি গোষ্ঠী এই ঘটনায় জড়িত। অবিলম্বে মূর্তি ফের আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে কংগ্রেস স্লোগান দেয়। শেষ পর্যন্ত পুলিশ সোমবার দুপুরে মূর্তি আবার আগের জায়গায় ফিরিয়ে দেয়।

মূর্তি ফিরতেই ঘটনাস্থলে পৌঁছন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল-সহ স্থানীয় নেতারা। মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন তাঁরা। সুমন্তের দাবি, কারা মূর্তি সরিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর অভিযোগ, কয়েকজন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তাঁরাই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে তাঁরা মনে করছেন। 

বিজেপি নেতারা চলে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী-সহ দলের কর্মীরা। তাঁরা জল ও দুধ দিয়ে নেহরুর মূর্তি পরিষ্কার করেন। এরপর ফের মাল্যদান করা হয়। দেবেশের কটাক্ষ, বিজেপি একটি ‘অস্পৃশ্য দল’। বিজেপি নেতারা মূর্তিতে মাল্যদান করায় জল ও দুধ দিয়ে সেটি ‘শুদ্ধ’ করা হয়েছে। তাঁর অভিযোগ, মূর্তি সরিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি চরম অসম্মান করার পর এখন আসল ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। কে বা কারা নেহরুর মূর্তি সরিয়েছিল, সেই রহস্য এখনও কাটেনি। পুলিশ তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন: মাঝরাতে রণক্ষেত্র দুর্গাপুর, প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা, লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)