দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ সেপ্টেম্বর: বাইরে থেকে ঝকঝকে দোকান, অথচ ভিতরে খাবারের নামে দিনের পর দিন জমে রয়েছে বাসি সামগ্রী! কোথাও বিপুল পরিমাণ বাসি খোয়া ও পনির, কোথাও আবার মেয়াদোত্তীর্ণ উপকরণ ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের অভিযোগ। প্রশাসনের অভিযানে খাদ্যের গুণমান ও নিরাপত্তা নিয়ে এমনই একাধিক অনিয়মের ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে।
সোমবার খাদ্য সুরক্ষা দফতর ও প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের একাধিক মিষ্টির দোকান ও হোটেলে অভিযান চালানো হয়। গোপালমাঠ, মেনগেট, সিটি সেন্টার—বিভিন্ন এলাকায় চলে এই পরিদর্শন। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ বাসি ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য। নিয়ম ভাঙার অভিযোগে কোথাও জরিমানা, কোথাও দেওয়া হয়েছে নোটিস।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেনগেটের মিষ্টির দোকানে অভিযান চালানোর সময় ফ্রিজ খুলতেই চোখে পড়ে বিপুল পরিমাণ পুরনো খাদ্যসামগ্রী। সেখানে কয়েক বস্তা বাসি খোয়া ও পনির মজুত ছিল বলে অভিযোগ। খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের দাবি, ওই সামগ্রীগুলি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা হয়েছিল এবং সেগুলি ব্যবহারের সম্পূর্ণ অনুপযুক্ত ও অস্বাস্থ্যকর। পাশাপাশি দোকান থেকে উদ্ধার করা হয় মেয়াদোত্তীর্ণ খাদ্যরং এবং বিভিন্ন রাসায়নিক উপকরণ। দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বেঙ্গল অম্বুজা এলাকার একটি দক্ষিণ ভারতীয় খাবারের দোকানে চাটনিতে নিষিদ্ধ উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠে। মোমোর দোকানে পুরনো বাসি মোমো, কোথাও খাবারে আরশোলা ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকদের দাবি, এখনও পর্যন্ত যে সব দোকান ও হোটেল পরিদর্শন করা হয়েছে, তার অধিকাংশেই কোনও না কোনও অনিয়মের ছবি সামনে এসেছে।
আরও পড়ুন: দুর্গাপুরে নেহরুর মূর্তি তুলে ফেলে দেওয়া হল জঙ্গলে!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


