WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ অক্টোবর: দুর্গাপুজোর প্রাক্কালে উৎসবের মেজাজে শিল্পশহর। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের গান্ধী ময়দানে শুরু হল দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনেই দর্শকদের ভিড়ে জমজমাট হয়ে উঠল অনুষ্ঠানস্থল। উদ্বোধনী পর্বের পর সঙ্গীতশিল্পী পৌষালি বন্দ্যোপাধ্যায়ের গানে মেতে উঠলেন উপস্থিত দর্শকেরা।

অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অজয় পোদ্দার। ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই, বারাবনির বিধায়ক অরিজিৎ রায় এবং আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন এনআইটি দুর্গাপুরের অধিকর্তা অধ্যাপক অরবিন্দ চৌবে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রণব কুমার এবং জেলাশাসক পোন্নামবালম এস-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।

অনুষ্ঠানে জেলাশাসক জানান, রাজ্যের সাতটি জায়গায় এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দু’দিনের অনুষ্ঠান ঘিরে গান্ধী মোড়় ময়দানে বসেছে ১৬টি স্টল। দুর্গাপুজো উপলক্ষে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে শহরকেও। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের সমাপ্তি পর্বে আতশবাজি প্রদর্শনীর আয়োজন রয়েছে বলেও জানান তিনি।

উদ্বোধনী পর্বের পরে মঞ্চে ওঠেন পৌষালি বন্দ্যোপাধ্যায়। তাঁর গানে সন্ধ্যার অনুষ্ঠান জমে ওঠে। প্রিয় শিল্পীর গান শুনতে ভিড় জমান বহু মানুষ। দু’দিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ দিনে, সোমবার সন্ধ্যায় মঞ্চে পরিবেশনা করবে পৃথ্বী ও ময়ূরী সাহার ব্যান্ড। দুর্গাপুজোর আবহে শহরবাসীর জন্য এই আয়োজন উৎসবের আনন্দে যোগ করেছে নতুন মাত্রা।

আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)