দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ অক্টোবর: পুজোর বোনাস, মজুরি বৃদ্ধি এবং সম কাজে সম বেতনের দাবিতে দুর্গাপুর নগর নিগমের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন অস্থায়ী সাফাই কর্মীরা। সোমবার দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।
অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, একই ধরনের কাজ করলেও দুর্গাপুর ও আসানসোলের পুর এলাকায় তাঁদের মজুরিতে রয়েছে উল্লেখযোগ্য ফারাক। ইউনিয়নের সম্পাদক সুভাষ সাহার দাবি, আসানসোলে অস্থায়ী সাফাই কর্মীরা দৈনিক ৪০০ টাকা মজুরি পান। অথচ দুর্গাপুরে তাঁদের দৈনিক হাজিরা মাত্র ২০২ টাকা। দুই পুরসভায় একই ধরনের কাজে এই বৈষম্য মেনে নেওয়া যায় না বলে দাবি করেন তিনি।
সুভাষ সাহা জানান, তাঁদের দাবিগুলি নিয়ে মুখ্যমন্ত্রী, জেলাশাসক এবং শ্রম দফতরের কাছেও অভিযোগ জানানো হয়েছে। দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এদিন একাধিক দাবি-দাওয়া নিয়ে দুর্গাপুর নগর নিগমের কমিশনারের কাছে স্মারকলিপিও জমা দেন অস্থায়ী সাফাই কর্মীরা। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


