দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ অক্টোবর: জেলা, রাজ্য পেরিয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য। তার পরে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ—পাওয়ারলিফ্টিংয়ে এটাই নিয়মমাফিক এগিয়ে যাওয়ার পথ বলে দাবি ‘পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন’-এর। কিন্তু সেই ধাপ পেরোনোর আগেই বিশ্বকাপ বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলল সংস্থাটি। তাদের অভিযোগ, এ ধরনের প্রতিযোগিতার স্বীকৃতি ও মান নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। ক্ষতি হচ্ছে খেলাটিরও।
আগামী ৩ থেকে ৬ ডিসেম্বর পাঞ্জাবের অমৃতসরে আয়োজিত ওয়ার্ল্ড পাওয়ারলিফ্টিং চ্যাম্পিয়নশিপে যোগ দিতে চলেছেন দুর্গাপুরের দুই পাওয়ারলিফ্টার। সম্প্রতি তাঁদের সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা এবং প্রতিযোগিতার গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিক সম্মেলন করেন সংস্থার কর্মকর্তা ও তার সঙ্গে যুক্ত খেলোয়াড়েরা।
সংস্থার বক্তব্য, পাওয়ারলিফ্টিংয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছনোর জন্য রয়েছে নির্দিষ্ট প্রতিযোগিতাভিত্তিক ধাপ। জেলায় সাফল্যের পরে রাজ্যস্তরে, রাজ্যে সাফল্যের পরে জাতীয় স্তরে এবং জাতীয় প্রতিযোগিতায় প্রথম তিনের মধ্যে থাকলে আন্তর্জাতিক স্তরে অংশ নেওয়ার সুযোগ মেলে—এমনটাই দাবি তাঁদের। অথচ তাঁদের অভিযোগ, কেউ কেউ সেই নিয়ম না মেনেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।
সংস্থার সঙ্গে যুক্ত কয়েক জন পাওয়ারলিফ্টারের ক্ষোভ, দীর্ঘদিন ধরে নিয়ম মেনে বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছনোর জন্য তাঁরা পরিশ্রম করে চলেছেন। তাঁদের অভিযোগ, অন্য দিকে, কিছু প্রতিযোগিতায় সাফল্য পেলেই কেউ কেউ নিজেদের তথাকথিত বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্বকারী হিসাবে তুলে ধরছেন। এতে সাধারণ মানুষের মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রকৃত স্তর ও গুরুত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
তাঁদের বক্তব্য, খেলাধুলায় সাফল্য অবশ্যই সম্মানের। কিন্তু কোনও প্রতিযোগিতার নামের সঙ্গে ‘বিশ্ব’ বা ‘আন্তর্জাতিক’ শব্দ থাকলেই তার স্বীকৃতি, প্রতিযোগিতার মান কিংবা অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। সেই বিষয়গুলি স্পষ্ট না থাকলে দীর্ঘদিন ধরে নিয়ম মেনে অনুশীলন করা খেলোয়াড়দের পরিশ্রম ও অর্জনের মূল্যায়নও প্রশ্নের মুখে পড়তে পারে।
আরও পড়ুন: চোখে বিশ্বজয়ের স্বপ্ন, ১৩ অক্টোবর তাসখন্দের পথে দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


