দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ অক্টোবর: বয়স মাত্র ১০। কিন্তু স্বপ্নটা বিশ্বজয়ের। দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সোনা জয়ের লক্ষ্য নিয়ে এবার উজবেকিস্তানের তাসখন্দে পাড়ি দিতে চলেছে দুর্গাপুরের খুদে কিকবক্সার আরাধ্যা দিবস। আগামী ১৩ অক্টোবর কিকবক্সিং বিশ্বকাপে অংশ নিতে রওনা হবে সে।
আন্তর্জাতিক মঞ্চ আরাধ্যার কাছে অবশ্য নতুন নয়। এর আগেও দেশের হয়ে বিশ্বকাপে অংশ নিয়েছে দুর্গাপুরের এই খুদে প্রতিভা। ২০২৫ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণপদক জয় করেছিল আরাধ্যা। জোড়া সোনার পদক জিতে দেশে ফিরেছিল আরাধ্যা। সেই সাফল্যের পর এবার আরও বড় স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছে সে।
লক্ষ্য একটাই—তাসখন্দের মাটিতে ফের দেশের পতাকা উঁচুতে তুলে ধরা এবং সোনার পদক জয়। বিশ্বকাপের প্রস্তুতিতে ইতিমধ্যেই জোরকদমে অনুশীলন শুরু করেছে আরাধ্যা।
এই স্বপ্নপূরণের পথে এবার আরাধ্যার পাশে দাঁড়াল গোপালপুর ফাউন্ডেশন ক্রিকেট একাডেমি। সংস্থার পক্ষ থেকে খুদে কিকবক্সারকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক অনুদান। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচের ক্ষেত্রে এই সহায়তা আরাধ্যার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
একাডেমির প্রশিক্ষক রাজেশ ভান্ডারী বলেন, প্রতিভাবান খুদে খেলোয়াড়দের সাফল্যের পথে একাধিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। প্রতিভা থাকা সত্ত্বেও অনেক সময় আর্থিক কারণে তাঁদের স্বপ্ন থমকে যায়। সেই কারণেই খুদে খেলোয়াড়দের উৎসাহ দেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের লক্ষ্য।
ব্যাংককে জোড়া সোনার পর এবার তাসখন্দ। ১০ বছরের আরাধ্যার চোখ এখন আন্তর্জাতিক মঞ্চের দিকে। অনুশীলন, আত্মবিশ্বাস এবং দেশের হয়ে সাফল্য আনার স্বপ্ন নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুরের এই খুদে কিকবক্সার।
আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


