
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বাইরে এমন এক ঘটনা ঘটল, যা ভোটের ফল প্রকাশের পরে এতদিন রাজ্যের অন্যত্র ঘটছিল!
দুর্নীতি, তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা সুকুমার দত্তকে গ্রেফতার করে নিউ টাউনশিপ থানার পুলিশ। পরে তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার জন্য থানার বাইরে আনা হলে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ। অভিযোগ, সেই সময় সুকুমার দত্তকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সক্রিয় হয় পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে অভিযুক্ত নেতাকে নিরাপত্তার মধ্যে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। আচমকা এই ঘটনায় থানা চত্বর জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপি নেতা স্বাধীন রায় দাবি করেন, “সুকুমার দত্ত দুর্নীতি করে গরিব মানুষের টাকা লুট করেছেন। সেই ক্ষোভ থেকেই সাধারণ মানুষ আজ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ডিম নিক্ষেপ করেছেন।”
অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, অভিযোগের বিচার আদালতেই হওয়া উচিত। ক্রমবর্ধমান রাজনৈতিক মেরুকরণের আবহে এই ধরনের প্রতিবাদ গণতান্ত্রিক সংস্কৃতির জন্য কতটা শুভ, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তৃণমূল নেতাকে তুলে নিয়ে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি ৪ জন
দুর্গাপুরের সাধারণ মানুষের একাংশের বক্তব্য, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু আইন ও বিচারব্যবস্থার উপর আস্থা রাখাই উচিত। কারণ আদালতেই নির্ধারিত হবে অভিযোগের সত্যতা, আর তার আগেই জনরোষের বহিঃপ্রকাশ সমাজে আরও বিভাজন তৈরি করতে পারে।

