WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নামী ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে নকল প্রসাধনী বিক্রির অভিযোগে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতি বাজারে চাঞ্চল্য ছড়ায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশ এবং আইনজীবীদের একটি যৌথ দল বাজারের দুটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন নকল প্রসাধনী সামগ্রী বাজেয়াপ্ত করে।

সূত্রের খবর, বেশ কিছু জনপ্রিয় প্রসাধনী সংস্থার পণ্যের নামে নকল সামগ্রী বাজারে বিক্রি হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল। বোম্বে হাইকোর্টে মামলা হয়। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রতিনিধিরা সাধারণ ক্রেতার ছদ্মবেশে বিভিন্ন বাজারে গিয়ে পণ্য কেনেন এবং সেগুলি পরীক্ষা করে দেখেন, সব জাল। পরীক্ষার রিপোর্টে অভিযোগের সত্যতা সামনে আসার পর আইনি প্রক্রিয়া আরও জোরদার হয়।

এদিন বেনাচিতি বাজারে অভিযান হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে। অভিযানের সময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের সদস্য দীপ্তনীল হাজরা জানান, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী হাইকোর্টে পেশ করা হবে। এরপর হাইকোর্টের নির্দেশে পরবর্তী পদক্ষেপ হবে।

দুর্গাপুরের সগড়ভাঙা হাইস্কুলের ‘নিঃশব্দ বিপ্লব’ নজির গড়েছে রাজ্যে

স্থানীয় ব্যবসায়ী মহল ও ক্রেতাদের একাংশের মতে, বাজারে নকল পণ্যের রমরমা শুধু নামী সংস্থাগুলির আর্থিক ক্ষতিই করে না, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়িয়ে তোলে। তাই এই ধরনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। কম দামে পরিচিত ব্র্যান্ডের পণ্য পেলে তাই সতর্ক থাকতে হবে।