WhatsApp Group Join Now
Instagram Group Join Now

পোস্টার হাতে বিক্ষোভ বাসিন্দাদের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকার মামরা বাঁধ জলাশয় বেআইনিভাবে এক মুরগি ব্যবসায়ী ভরাট করে নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার তাঁরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। পুলিশের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন তাঁরা।

স্থানীয়দের দাবি, মামরা বাজারের ওই মুরগির দোকানের পিছনে রয়েছে মামরা বাঁধ নামের ৩১ বিঘার ওই জলাশয়টি। সেটি ভরাট করে অবৈধ নির্মাণ করেছেন ওই ব্যবসায়ী। তাছাড়া এডিডিএ-র জমিও অবৈধভাবে দখল করে ব্যবহার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রতিবাদ করার পরেও কাজ হয়নি। তাই এবার সবাই মিলে একসঙ্গে রাস্তায় নেমেছেন।

তাঁদের মতে, এই পুকুর শুধু মাছচাষের জন্য নয়, এলাকার জলধারণ ও পরিবেশ রক্ষার জন্যও খুব গুরুত্বপূর্ণ। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা অনেক দিন ধরে প্রতিবাদ করছি, কিন্তু পুকুর ভরাট বন্ধ হচ্ছে না।” আরেক বাসিন্দা জানান, বাজারে আগুন লাগলে যাতে সহজে এখান থেকে দমকল জল নিতে পারে, তেমন ব্যবস্থা ছিল। কিন্তু ওই ব্যবসায়ীর বেআইনি দখলদারিতে তা নষ্ট হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।