WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ১৫ আগস্ট: দেশাত্মবোধ, ইতিহাসচেতনা ও সাংস্কৃতিক আবহে স্বাধীনতা দিবস উদযাপন করল বর্ধমান শহরের অন্যতম শতবর্ষ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের মূল অনুষ্ঠান।

বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জাতীয় পতাকা উত্তোলন করেন। ভাষণে তিনি বলেন, “এই দেশে জন্ম নিয়ে আমি গর্বিত। প্রণাম জানাই স্বাধীনতা সংগ্রামীদের। তাঁদের জন্যেই আজ আমরা বৃহত্তম গণতন্ত্রের ধারক ও বাহক হওয়ার যোগ্যতা অর্জন করেছি।”

দ্বিজেন্দ্রলাল রায়ের ‘সকল দেশের সেরা’ ভাবনার উল্লেখ করে প্রধানশিক্ষক বলেন, নানা সঙ্কটের মধ্যেও ভারত ক্রমশ এগিয়ে চলেছে। দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের নিজের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করাই স্বাধীনতা দিবসের অন্যতম অঙ্গীকার হওয়া উচিত।

শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় বলেন, “বিবিধের মাঝে মিলন মহান।” পরাধীনতা ও দেশভাগের গ্লানি পেরিয়ে অর্জিত স্বাধীনতার প্রকৃত মূল্য উপলব্ধি করার পাশাপাশি জাতীয় ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

মূল অনুষ্ঠানের আগে বিদ্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কাঞ্চননগর উদয়পল্লীর বিভিন্ন পথ পরিক্রমা করে সেই শোভাযাত্রা। হাতে ত্রিবর্ণ পতাকা নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে পা মেলান শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাও। সরকারি নির্দেশিকা মেনে শোভাযাত্রায় বিভিন্ন মনীষীর ছবি ও বাণী তুলে ধরা হয়। দেশাত্মবোধক গানের উদ্ধৃতি, পাঠ, আবৃত্তি ও সংগীতের সমন্বয়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। শিক্ষক বাসুদেব মণ্ডলের পরিচালনায় শোভাযাত্রায় ফুটে ওঠে স্বাধীনতা সংগ্রাম, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের নানা বার্তা।

স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে অঙ্কন, প্রবন্ধ রচনা, কুইজ, নৃত্য ও সঙ্গীত-সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষিকা সুনীতা সাহার ব্যবস্থাপনায় এবং দীপ্ত সুন্দর মুখোপাধ্যায়ের পরিচালনায় ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে প্রতিটি প্রতিযোগিতায় অংশ নেয়। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগে পুরস্কারও তুলে দেওয়া হয়।

স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে নবম শ্রেণির ছাত্রীরা বিদ্যালয়ের দেওয়াল পত্রিকার বিশেষ রঙিন সংখ্যা ‘স্পন্দন’ প্রকাশ করে। ছাত্রছাত্রীদের সৃজনশীল ভাবনা, দেশপ্রেম ও লেখনীতে সমৃদ্ধ এই সংখ্যাটি বিশেষ আকর্ষণ তৈরি করে। বিদ্যালয়ের শিশু সংসদের প্রধানমন্ত্রী, অষ্টম শ্রেণির ছাত্রী সায়ন্তিকা কর্মকারের নেতৃত্বে শিশু সংসদের সকল মন্ত্রী ও সহকারীরাও অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বে সক্রিয়ভাবে অংশ নেয়। 

স্বাধীনতা দিবসের এই আয়োজন শুধু দেশপ্রেমের আবেগেই সীমাবদ্ধ থাকেনি, পরিবেশ রক্ষার বার্তাও উঠে এসেছে অনুষ্ঠানে। সবুজ ভলান্টিয়ারদের নিয়ে ইকো ক্লাবের অনু কুমার দত্তের উদ্যোগে জামগাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)