WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে জনপ্রতিনিধিদের পাশে থাকার বার্তা দিল পশ্চিম বর্ধমান জেলার লায়ন্স ক্লাব অব দুর্গাপুর। রবিবার দুর্গাপুরে এক অনুষ্ঠানে দুর্গাপুরের নবনির্বাচিত দুই বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। একইসঙ্গে নতুন সরকার গঠনের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের জন্য আয়োজন করা হয়েছিল বাঙালির প্রিয় খাবার ‘মাছ-ভাত’-এর।

শহরের একটি সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এবং দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয়, স্মারক ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা তাঁদের নির্বাচনী সাফল্যের জন্য শুভেচ্ছা জানান এবং আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনস্বার্থমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবর্ধনা গ্রহণ করে দুই বিধায়কই লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখতে তাঁরা সর্বদা কাজ করে যাবেন। পাশাপাশি সামাজিক সংগঠনগুলির সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন।

তৃণমূল অফিস গুঁড়িয়ে দিল ডিএসপি, সিটুর বাধায় থমকাল অভিযান

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব দুর্গাপুরের সভাপতি রাকেশ ভট্টর, সম্পাদক সুমের চন্দ্র শর্মা, প্রাক্তন সভাপতি সুশোভন বন্দ্যোপাধ্যায়, লায়ন্স আই হাসপাতালের চেয়ারম্যান চন্দন দে-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব।

আনুষ্ঠানিক পর্বের পর ছিল এক ভিন্ন আবহ। নতুন সরকার গঠনের আনন্দকে স্মরণীয় করে রাখতে উপস্থিত সকলের জন্য মাছ-ভাতের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। রাজনৈতিক আলোচনা, শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্যের পরিবেশে জমে ওঠে অনুষ্ঠান। সমাজসেবামূলক সংগঠন ও জনপ্রতিনিধিদের এই মিলনমেলা দুর্গাপুরের সামাজিক ও সাংগঠনিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই মনে করছেন উপস্থিত অতিথিরা।