WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শিল্পাঞ্চল দুর্গাপুরে কর্মসংস্থান ইস্যুকে সামনে রেখে এবার নিজের দলকেই কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন—শিল্পে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করা হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনকি দল থেকেও বহিষ্কার করা হতে পারে। দুর্গাপুর পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার এবং পশ্চিমের প্রার্থী কবি দত্তের সমর্থনে আয়োজিত সভা থেকে তিনি বলেন, স্থানীয়দের চাকরির অধিকার নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। ভোটে জয়ী হলে এই নিয়োগ প্রক্রিয়ার ‘অসঙ্গতি’ বন্ধ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

দুর্গাপুর পশ্চিম কেন্দ্র দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দোলাচলের মধ্যে রয়েছে। ২০১৬ সালে তৃণমূলের হাতছাড়া হওয়া এই কেন্দ্র ২০২১-এ যায় বিজেপির দখলে। শিল্প ও শ্রমিক নির্ভর এই কেন্দ্রে স্থানীয় বনাম বহিরাগত নিয়োগ ইস্যু বহুদিনের। পিএফ-ইএসআই না পাওয়া, টাকার বিনিময়ে চাকরি—এই অভিযোগে বিজেপি, সিপিএমের পাশাপাশি তৃণমূলের একাংশও রাস্তায় নেমেছে অতীতে। গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছয় যে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আগেই আইএনটিটিইউসি-র সব কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি গঠন করা হয়েছে। তাতে খুব একটা পরিবর্তন আসেনি বলে অভিযোগ উঠেছে।

এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রার্থী কবি দত্তও ইতিমধ্যেই ইস্তেহারে স্থানীয়দের চাকরির বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন এবং জয়ের পর তা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, তৃণমূলকে আক্রমণ করে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, বহিরাগতদের নিয়োগ করা হয় অর্থের বিনিময়ে। তৃণমূল ক্ষমতায় থাকলে এই পরিস্থিতি কখনই বদলাবে না। তাই এবারের বিধানসভায় ফের বিজেপির পাশেই থাকবেন তাঁরা। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)