WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের বাঁকুড়া মোড় এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো শেষ হওয়ার পর সোমবার রাতে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র অশান্তি ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের একজন করে আহত হন এবং তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি, দুটি বাড়ি এবং তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও ওঠে।

বিজেপির দাবি, তাদের কর্মী রবি দাস রোড শো থেকে ফেরার পথে তৃণমূল সমর্থিত দুষ্কৃতীদের হামলার শিকার হন। তাঁর অভিযোগ, মন্দিরের সামনে মাইক বন্ধ নিয়ে প্রতিবাদ করার জেরে তাঁর বাড়িতে হামলা চালানো হয় এবং ব্যাপক ভাঙচুর করা হয়। অন্যদিকে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে তাদের কর্মী গুড্ডু রজক বিজেপির হামলায় আহত হয়েছেন। তৃণমূলের বক্তব্য, রবি দাস মন্দিরকে কেন্দ্র করে উসকানিমূলক ভিডিও ছড়িয়ে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছিলেন।

ঘটনার জেরে কোকোভেন থানার পুলিশ বিজেপির শুভেন্দু মিশ্র, সুজয় মুখার্জি এবং আরও একজনকে গ্রেফতার করে। বিজেপি এই গ্রেফতারিকে একতরফা ও অন্যায় বলে অভিযোগ করে প্রকৃত অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বুধবার গভীর রাত পর্যন্ত কোকওভেন থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। দুর্গাপুর পশ্চিমের প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকেরা থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)