প্রাক্তন স্ত্রীর বিয়েতে হামলা, কাকাশ্বশুরকে গুলি করল প্রথম স্বামী

Advertisement

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অণ্ডালের সিঁদুলি এলাকার এক বিয়েবাড়িতে আনন্দের আবহ মুহূর্তে রক্তাক্ত আতঙ্কে বদলে গেল। নতুন জীবনের শুরু উদযাপন করতে একসঙ্গে বসেছিলেন নবদম্পতি ও পরিবারের সদস্যরা। দুপুরের ভোজ চলছিল, চারদিকে ছিল আত্মীয়-পরিজনের কোলাহল। সেই সময় আচমকাই সেখানে হাজির হয় বধূর প্রাক্তন স্বামী। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই সে বধূর কাকাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর জখম ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল-এ। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নববধূর এর আগেও একবার বিয়ে হয়েছিল দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙা এলাকায়। কিন্তু সেই সংসার সুখের ছিল না। অভিযোগ, শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হতে হচ্ছিল তাকে। শেষ পর্যন্ত মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনে পরিবার। মেয়েটির বাবা নেই। তার কাকা অনেক ভেবেচিন্তে, নতুন করে জীবন শুরু করার আশায় ফের তার বিয়ের ব্যবস্থা করেন। পরিবারের আশা ছিল, অতীতের অন্ধকার কাটিয়ে এবার হয়তো মেয়েটি শান্তি ও সম্মানের সঙ্গে নতুন জীবন শুরু করতে পারবে।

Advertisement

কিন্তু সেই নতুন পথচলার দিনেই নেমে এল ভয়াবহ ছায়া। যে অনুষ্ঠানে থাকার কথা ছিল আশীর্বাদ, ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন, সেখানে আচমকা গুলির শব্দে ছিন্নভিন্ন হয়ে যায় আনন্দ। আতঙ্কে ছোটাছুটি শুরু হয় বিয়েবাড়িতে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলি চালিয়েই অভিযুক্ত দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় শুধু একটি পরিবার নয়, গোটা এলাকাই স্তম্ভিত। নতুন করে জীবন গড়ার চেষ্টা করা এক তরুণীর অতীত যেন আবারও হিংসার রূপ নিয়ে ফিরে এল তার সামনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Advertisement

Related Posts