
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডাল এলাকায় তোলাবাজি, সন্ত্রাস, হুমকি ও সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হল ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রামচরিত পাশওয়ানকে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়, প্রতিবাদীদের হুমকি দেওয়া এবং বিরোধী মতের লোকজনের উপর চাপ সৃষ্টি করা ছিল নিত্যদিনের ঘটনা। ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল বলে দাবি স্থানীয়দের।
২০২১ সালের নির্বাচনের পরে বিজেপি কর্মীদের উপরে সন্ত্রাস করার অভিযোগও রয়েছে। তদন্তে নেমে অন্ডাল থানার পুলিশ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাওয়ার পর সোমবার রাতে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করে। মঙ্গলবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। এলাকায় আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


