দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) প্রধান কার্যালয়ের সামনে টানা দু’সপ্তাহ ধরে রিলে অবস্থানে বসেছেন অস্থায়ী কর্মীরা। সব ধরনের অস্থায়ী কর্মীর বেতন বৃদ্ধি, বেতন বৈষম্য দূর করা, ওভারটাইমের মজুরি বাড়ানো, পিএফ ও ইএসআই সময়মতো প্রদান এবং মাসে ২৬ দিনের মজুরি নিশ্চিত করার দাবিতে এই আন্দোলন চলছে। আইএনটিটিইউসি অনুমোদিত এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি চলছে।
মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনের মাঝেই পাণ্ডবেশ্বরের বিধায়ক, তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্য আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ চক্রবর্তী এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে অস্থায়ী কর্মীদের সমস্যার সুরাহার আশ্বাস দেওয়া হয়। নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, বেতন বৈষম্যের বিষয়টি ইতিমধ্যেই পরিবহণ মন্ত্রীর নজরে আনা হয়েছে এবং শীঘ্রই আলোচনার দিন নির্দিষ্ট করা হয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বেতন বৃদ্ধি ও ওভারটাইমের মজুরি বৃদ্ধির বিষয়টি এসবিএসটিসির বোর্ডে অনুমোদনের পর কার্যকর হবে বলেও জানান তিনি। মাসে ২৬ দিনের মজুরি নিশ্চিত করার দাবিটিও আলোচনায় উঠে এসেছে। এদিকে এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানান, আলোচনায় যে সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে, তা বোর্ডে উত্থাপন করে অনুমোদন নেওয়া হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


