দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ সেপ্টেম্বর: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বুধবার পূর্ত দফতরের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল সিপিএম। দুর্গাপুরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানিয়ে পূর্ত দফতরের আধিকারিকদের হাতে স্মারকলিপিও তুলে দেন বিক্ষোভকারীরা।
সিপিএমের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গাপুরের বিভিন্ন রাস্তার অবস্থা খারাপ। রাস্তার বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। একইসঙ্গে অ্যাম্বুলেন্স-সহ জরুরি পরিষেবার যান চলাচলেও অসুবিধা হচ্ছে বলে দাবি বিক্ষোভকারীদের। তাঁদের অভিযোগ, এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
বিক্ষোভকারীদের দাবি, বিসি রায় অ্যাভিনিউয়ের ডিপিএল ৭ নম্বর গেট থেকে সুকান্তপল্লি মোড় পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানজটের সমস্যাও হচ্ছে। বিশেষ করে অ্যাম্বুলেন্সে রোগীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ।
অন্যদিকে, বাঁকুড়া মোড় উড়ালপুল থেকে মুচিপাড়াগামী রাস্তার বিভিন্ন অংশেও পিচ উঠে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে বলে দাবি সিপিএমের। এর জেরে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। যানবাহনের চাপ কমাতে বাঁকুড়া মোড়ের পুরনো সেতু মেরামত করে ফের যান চলাচলের জন্য খুলে দেওয়ার দাবিও জানানো হয়েছে।
সিপিএমের জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসুর অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গাপুরের রাস্তাঘাটের এই পরিস্থিতি থাকলেও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর তিনি জানান, পুজোর আগেই রাস্তাগুলি মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: থানায় ঢুকে মহিলা পুলিশকর্মীকে হেনস্থার অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার আইনজীবী!
গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!


