WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর: থানার ভিতরেই কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীর সঙ্গে বচসা চলাকালীন তাঁকে হেনস্থা করা এবং তার আগে এক সিভিক ভলান্টিরাকে মারধর করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। সোমবার রাতে পশ্চিম বর্ধমান জেলার নিউ টাউনশিপ থানায় ঘটনাটি ঘটে। গ্রেফতার করা হয়েছে কড়ঙ্গপাড়ার বাসিন্দা আইনজীবী সৌভিক রায়কে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সৌভিক রায় এনটিএস থানায় যান। সেখানে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারের সঙ্গে তাঁর কথাকাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। পুলিশের দাবি, ওই সময় তিনি সিভিক ভলান্টিয়ারকে মারধর করেন। মহিলা পুলিশ আধিকারিক এলে তিনি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

ঘটনার সময় থানায় থাকা অন্য পুলিশকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করেন। এরপর সৌভিক রায়কে হেফাজতে নেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে নিউ টাউনশিপ থানায় মামলা দায়ের করা হয়েছে। সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীর কাজে হস্তক্ষেপ, মারধর বা বলপ্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার সৌভিক রায়কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, এদিন অভিযুক্তের হয়ে আদালতে কোনও আইনজীবী সওয়াল করতে উপস্থিত ছিলেন না। ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দুর্গাপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কল্লোল ঘোষ। তাঁর বক্তব্য, আইন প্রয়োগের দায়িত্বে থাকা একজন মহিলা পুলিশ কর্মীর সঙ্গে এমন আচরণের অভিযোগ অত্যন্ত গুরুতর। ঘটনার যথাযথ তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

কল্লোল ঘোষ আরও জানান, সৌভিক রায় বর্তমানে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সদস্য নন। তাঁর দাবি, অতীতেও সৌভিক রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই সময় তিনি বার অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করেন এবং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

আরও পড়ুন: স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, আটক পাণ্ডবেশ্বরের প্রাক্তন যুব তৃণমূল নেতা

গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!