দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ সেপ্টেম্বর: স্থানীয় বেকার যুবক-যুবতীদের কাজের দাবিতে বুধবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের DPL-এর ৭ নম্বর ইউনিটের গেটের সামনে বিজেপির অভিনব কর্মসূচি। এদিন সকালে বিজেপি কর্মীরা হাতজোড় করে বহিরাগত অস্থায়ী শ্রমিকদের সরে যাওয়ার অনুরোধ করেন। তাঁদের সাফ কথা, দুর্গাপুরের বেকার ছেলেদের আগে কাজ দিতে হবে। তারপরে জায়গা থাকলে তখন বহিরাগতদের কাজ দেওয়া হবে।
বিজেপির অভিযোগ, আগের তৃণমূল সরকারের আমলে বাইরের জেলার বেকারদের অর্থের বিনিময়ে দুর্গাপুরের বিভিন্ন কারখানায় কাজে নিয়োগ করা হয়েছে। স্থানীয়দের কর্মসংস্থানের দাবিকে উপেক্ষা করা হয়েছে বরাবর। বিজেপি তা করবে না। বিজেপির লক্ষ্য, আগে দুর্গাপুরের বেকার সমস্যার সমাধান করা হবে।
বিজেপি নেতা সম্রাট চ্যাটার্জী এবং দলের জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের বক্তব্যে উঠে এসেছে স্থানীয়দের অগ্রাধিকার এবং নিয়োগে স্বচ্ছতার দাবি। তাঁদের বক্তব্য, নিয়োগের ক্ষেত্রে কোনও রাজনৈতিক পরিচয় দেখা হবে না। দুর্গাপুরের স্থানীয় যোগ্য বেকার হলেই তিনি কাজের সুযোগ পাবেন। আগামী দিনে অন্যান্য কারখানাতেও অহিংস পদ্ধতিতে এই কর্মসূচির কথা জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন: থানায় ঢুকে মহিলা পুলিশকর্মীকে হেনস্থার অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার আইনজীবী!
গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!


