WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আইনজীবী বিশ্বরূপ চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। বুধবার তিনি কলকাতায় বিধানভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের অধিকাংশ যেখানে দল ছেড়ে বিজেপির দিকে পা বাড়াচ্ছেন, সেখানে বিশ্বরূপের কংগ্রেসে যোগ ব্যতিক্রমী ঘটনা বলে মনে করছেন অনেকে।

বিশ্বরূপ বলেন, কাঁকসার বহু পদাধিকারী যেমন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করছেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেবেন বলে। বর্তমান কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি যে বঞ্চনা, তঞ্চকতা, দেশের বেহাল অর্থনীতি, হাল ফেরাতে পারে একমাত্র জাতীয় কংগ্রেস। আমাদের ভবিষ্যৎ রাহুল গান্ধী। অর্থনীতির ধস নেমেছে।

তিনি বলেন, গান্ধী পরিবারের প্রতি আস্থা রেখে আমি যোগ দিয়েছি কংগ্রেসে। ৪ মে এর পরে রাজ্যে যা হিংসার পরিস্থিতি চলছে, বর্তমান বিরোধী দল তৃণমূল কংগ্রেস টুকরো টুকরো হয়ে গিয়েছে। ভরসা রাখা যাচ্ছে না। আগামী দিনে তৃণমূল নেত্রী বিজেপির বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন, যথেষ্ট সন্দেহ আছে।

পঞ্চায়েতে তাঁর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। সে প্রসঙ্গে বিশ্বরূপ বলেন, কেউ যদি তদন্ত করতে চান, করুন। আমার ফাইল তৈরি করা আছে। আমি যে কোনও তদন্তের জন্য আমি প্রস্তুত। তিনি আরও জানান, তৃণমূলের কোনও পদাধিকারীকে কাছে না পাওয়ায় তৃণমূল থেকে এখনও পদত্যাগ করতে পারেননি তিনি।

দুর্গাপুরে অগ্নিমিত্রার বড় ঘোষণা! পুরসভার দুর্নীতিতে কড়া ব্যবস্থা